পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

মা’কে আমার খোলা চিঠি


আম্মা,
তোমার পরশে আজও শৈশবের শিশু হয়ে যাই
তোমার কোলে মাথা রাখলেই চিত্রপটে
ভেসে ওঠে- স্কুল পালানোর ছবি ,
সাঁতরে বেড়ানো দিন, সাইকেলে ঘুরঘুর,
খেলার ছলে ঢের বেলা পার ।
দিনের শেষে সন্ধ্যের বকুনি
খুব মিষ্টি লাগতো !
সে কি তুমি বুঝতে ?

রাতে আব্বার চোখ রাঙানি
কদাচিৎ ভেতরে ধুক্‌পুকানি,
তোমার প্রশ্রয়ের আঁচলে
লুকিয়ে যেতাম তখুনি ।
মনে পড়ে আম্মা ?

একদিন পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছিলাম
রাতের প্রথম প্রহর পেরিয়েছে তখন
হাট থেকে ফিরেছেন আব্বা
ঘুমুতে দেখেই চুলে টান আর শাসানি,
"সারাদিন খেলা আর সন্দ্যা অইলেই
ঘু--উ--ম। পড়ার নামে ঘন্ডা ।"
স্পষ্ট মনে আছে হ্যারিকেনের আলোয়
সেদিন সারারাত পড়েছিলাম
শত চেষ্টা করেও ঘুমুতে পারিনি ।

এখনতো নির্ঘুম বকুনিহীন কত রাতই কাটে!
পড়ালেখাও আগের মত হয় না
রাত আসে রাত যায়
বকুনিক্ষুধায় তবু পড়া হয় না !

এখনো কি রাত জেগে
খাবার নিয়ে বসে থাক ?
এই বলে, "ছেলে আমার খাবে"।
এখনো কি ঘুমের ঘোরে
লাফিয়ে ওঠ এই আমাকে ভেবে ?

ইচ্ছে করে সব ছেড়ে চলে আসি, পারি না
কেননা, জীবনের ছায়াপথে আমি বড় অসহায় !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন