পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

মা’কে আমার খোলা চিঠি


আম্মা,
তোমার পরশে আজও শৈশবের শিশু হয়ে যাই
তোমার কোলে মাথা রাখলেই চিত্রপটে
ভেসে ওঠে- স্কুল পালানোর ছবি ,
সাঁতরে বেড়ানো দিন, সাইকেলে ঘুরঘুর,
খেলার ছলে ঢের বেলা পার ।
দিনের শেষে সন্ধ্যের বকুনি
খুব মিষ্টি লাগতো !
সে কি তুমি বুঝতে ?

রাতে আব্বার চোখ রাঙানি
কদাচিৎ ভেতরে ধুক্‌পুকানি,
তোমার প্রশ্রয়ের আঁচলে
লুকিয়ে যেতাম তখুনি ।
মনে পড়ে আম্মা ?

একদিন পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছিলাম
রাতের প্রথম প্রহর পেরিয়েছে তখন
হাট থেকে ফিরেছেন আব্বা
ঘুমুতে দেখেই চুলে টান আর শাসানি,
"সারাদিন খেলা আর সন্দ্যা অইলেই
ঘু--উ--ম। পড়ার নামে ঘন্ডা ।"
স্পষ্ট মনে আছে হ্যারিকেনের আলোয়
সেদিন সারারাত পড়েছিলাম
শত চেষ্টা করেও ঘুমুতে পারিনি ।

এখনতো নির্ঘুম বকুনিহীন কত রাতই কাটে!
পড়ালেখাও আগের মত হয় না
রাত আসে রাত যায়
বকুনিক্ষুধায় তবু পড়া হয় না !

এখনো কি রাত জেগে
খাবার নিয়ে বসে থাক ?
এই বলে, "ছেলে আমার খাবে"।
এখনো কি ঘুমের ঘোরে
লাফিয়ে ওঠ এই আমাকে ভেবে ?

ইচ্ছে করে সব ছেড়ে চলে আসি, পারি না
কেননা, জীবনের ছায়াপথে আমি বড় অসহায় !!

ভাষার মাসে ভাষা পুড়েছে (উৎসর্গ: বইমেলায় আগুনে পোড়া বইগুলোকে)

বই পুড়েছে বই
কলজে পোড়ার ব্যথা
এখন কেমনে বল সই ?
বেজন্মা কুত্তাও যেখানে নেতা
কিছুই হবে না সেথা
বলে গেলাম এই কথা।

ভাষার মাসে ভাষা পুড়লো
আমার মায়ের ভাষা পুড়লো
রাজাকারের নামের সাথে
বর্ণমালাও কলংকিত।

"ক-তে কাদের মোল্লা, গ-তে গোলাম আযম"
স্লোগান নাকি মাতৃভাষার নষ্ট সম্ভ্রম?

প্রজন্মের কথা বলছো?
কলুষিত নষ্ট প্রজন্মের কথা?
এ প্রজন্ম বিশ্ব জয় করতে জানে
আবার, বেশ্যার মত বিক্রি হতেও জানে।

একটা খেলা মেলা ডুবালো, ভাষা পুড়ালো
কয়টা খেলায় দেশ-জাতি সবই পুড়বে ?
বলতে পারো? বলতে পারো?

শুনছো? বই পুড়েছে বই
কলজে পোড়ার ব্যথা এখন
কেমনে বল সই?
বই নয় যেন আত্মা পুড়ালো খুব যতনে
এবার, জাতি পুড়বে এই আগুনে
মনে রেখো, বলে গেলাম এই ফাগুনে।

অনাদরে রাখিস না মা

অনাদরে রাখিস না মা
একটু আদর দিস
অবহেলা করিস না মা
একটু মায়া দিস

তোর কোলেতে শান্তি পাই
তোর জমিনেই খাই ঘুমাই
ক্ষুধা পেলে মাগো আমায়
একটু খেতে দিস

সকল জ্বালা ভুলিয়ে দিয়ে
হিসেব নিকেশ চুকিয়ে দিয়ে
তোর চরণে মাগো আমায়
একটু ঠাঁই দিস

অনাদরে রাখিস না মা
একটু আদর দিস
অবহেলা করিস না মা
একটু মায়া দিস ।

শিরোনামহীন শূন্যতা

শেষ রাতের ভেজা আকাশে
তোমাকে খুঁজে বেড়াই,
মিটিমিটি জ্বলন্ত তারায়
আটকে যায় আমার চোখ ।

দূরে কোথাও ঘন্টা বাজার শব্দ
তন্দ্রাচ্ছন্ন পশ্চিমাকাশে
জ্যোৎস্নার ভাঁজে অবয়ব দেখি
এই বুঝি  তুমি !

আযানের মোহনীয় সুর
হৃদয়উঠোনে নাড়া দিয়ে যায়
পশ্চিমাকাশে এখনও
জেগে আছে বেশরম চাঁদ ।

ভোরের আলোয়
ঘুমভাঙা পাখিরা
কোটি কলরবে বলে যায়
তুমি নেই, তুমি নেই .... ।

আব্বা, এভাবে আর কতদিন?(উৎসর্গ: আব্বাকে)


আব্বা,
এইবার অন্তত নিজের দিকে একবার তাকাও,
বয়স তো কম হলো না;
হার্ট ও লিভারের মতো কলকব্জা কি
ওষুধ ছাড়া ভালো থাকে, বলো?
মাসে ৩ হাজার টাকার ওষুধ লাগে বলে
ওষুধ খাওয়া ছেড়েছো প্রায় এক বছর
তোমার প্রেসারের সমস্যা , গ্যাস্ট্রিক
কী করে ভাল হবে, বলো?
সংসার আর ছেলে-মেয়েদের পড়ার খরচে
ঘাটতি পড়বে বলে ওষুধ না খেয়েই থাকো !
জীবন এত নির্মম হয় কেন ?
এ জীবন তোমাকে তো কিছুই দিল না
সারাটা জীবন শুধু ঘানিই টানলে!
কিছু চেয়েছো কিনা জানি না
পাওনি যে সেটা আমি বুঝি ।
আমিও এমনই অকর্মা যে
আজ পর্যন্ত নিজেকেই দাঁড় করাতে পারলাম না।
কি আর হবে ? যা হবার তাই তো হবে !
চোখের অশ্রুগুলো জমাট বেঁধে গেছে
ভাষাহীন আমি আজ --
আব্বা, যদি পারো ওষুধ খেয়ো
তোমার সুস্থতা বড় বেশি প্রয়োজন
আমাদেরই জন্য ।

শূন্যতার প্রহরে

এ জীবন, মন , প্রাণ
ভালোবেসে হারিয়েছি কতবার
হিসেব রাখিনি ।

তোমার হাসি হয়ে হেসেছি
কান্না হয়ে কেঁদেছি
একমাত্র রাগ ছাড়া কোন অনুভূতিই
গোপন করিনি,করতে পারিনি ।

গাইতে পারতাম না
তবু, তোমার জন্যে বেসুরো
গলায় নির্দ্বিধায় গেয়েছি
অবজ্ঞা করিনি ।

কলমের ক্যাপ, চায়ের কাপ
খেলার পুতুল, টেবিলের ফুলদানি
এমনকি প্রতিদিনের আবর্জনা হয়ে
পাশে থেকেছি, দূরে যাইনি ।

সে..ই, সেই তুমিই
ভুল করে ভুলে গেছো
আমি ভুলিনি ।

চিরন্তন ভালোবাসা

এক জীবনের ভালোবাসা
এক জীবনের চরম আশা
এক মানুষের একটা ভুলে
এক নিমিষেই শেষ হয়ে যায় ।

একটা ভুলের মাশুল দিতে
একটা জীবন বেশ কেটে যায়
একটা স্বপ্ন সফল হতেই
একটা জীবন শেষ হয়ে যায় ।

এক বালিকার চরম আশা
এক বালিকার ভালোবাসা
এক পৃথিবীর মানব মনে
শত জনম যায় থেকে যায় ।