পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১২ মে, ২০১১

স্বপ্নেরা হেঁটে যায়

অগোছালো মানুষের গোছালো স্বভাব,
অকর্মন্য মস্তিষ্কের কর্মী মনোভাব,
আসলে কি এসব পাগলের প্রলাপ ?
হয়তোবা! যদি না হয়
তবে এটাই বাস্তবতা ।

স্বপ্নের বেড়াজালে বন্দী বাস্তব দৃশ্যপট,
আলেয়াকে আলো ভেবে মরীচিকার পেছনে
আর কত দৌড়াব ?

যতই বলি না কেন স্বপ্ন দেখা বাদ দিয়ে
বাস্তবতায় বিশ্বাসী হউন।
স্বপ্নকে আলাদা করুন; 
স্বপ্নকে বাস্তব রূপ দেয়ার জন্যেই এটা করুন

তবুও মানুষ স্বপ্ন দেখে ------
বিশৃঙ্খল জীবনের সুশৃঙ্খল স্বপ্ন ।

সোমবার, ২ মে, ২০১১

ফকির

পেটে ভীষণ ক্ষুধা
দিবি দুইটা টাকা ?
তোদের পকেট অনেক ভারী
আমারটা কেন্‌ ফাঁকা?

ক্ষুধায় যখন বুক জ্বলে
কত কিছুই মন বলে ।
মনে মনে ভাবি বসে
তখন তোদের কথা ,
কল্পনায় খাবার খেয়ে
মেটাই বুকের ব্যাথা ।

আমি শালা ফকির হলেও
বড্ড ভাল আছি ,
বলবি আমায়, তোদের দুধে
উড়ছে কেন মাছি ?

বোধ

পড়তে গেলে মাথা ঘুরে
আহা! কি যে কষ্ট !
মেজাজটা খুব বিগড়ে যায়
বাজে সময় নষ্ট ।

খেলতে গেলে খুশির তোড়ে
মনে বাজে ডঙ্কা
পড়ালেখা নিয়ে তখন
থাকে না আর শঙ্কা ।

অবসরে যখন আমি
আমায় নিয়ে ভাবি
বারে বারে মনে ভাসে
পড়ালেখার দাবী ।

পড়তে হবে মন দিয়ে
এই করেছি পণ
সময়মত খেলাপড়া
চলছে তাই এখন ।

বর্ণচোরার খেলা

আমি বর্ণান্ধ বলেই
তুমি বর্ণচোরা ।
জন্মান্ধ হইনি বলেই
ঋতুভেদে রঙ আগুনে
হৃদয় আমার পোড়া।

কতক রঙের ঝলসানিতে
হলে দিশেহারা;
কতক রঙের ঝলকানিতে
হই যে পাগলপারা ।

রঙ চিনি না সঙ সাজি না
দেখছি কেবল দেখছি,
তোমার রঙেই অবগাহন
করব কি না ভাবছি ।

আমার সাথেই খেলছ কেন
নানান রঙের খেলা ?
আমার কেবল কষ্ট লাগে
চার্‌দিকে কেন্‌ রঙের মেলা ?
কাটে না কেন্‌ ফাগুন বেলা ?

আমি বর্ণান্ধ বলেই কি -
অবিরত খেল্‌ছ এমন বর্ণচোরার খেলা ।

আবর্তন...

অবিরত এ মনে স্বপ্নেরা জাল বুনে,
সেই জাল ধরে কে দিল টান?
যে টানে স্বপ্নগুলোয় ওঠল তুফান।
তুফানের তান্ডবে অচেতন হল মন,
মন থেকে স্বপ্নেরা ছুটি নিল কিছুক্ষণ।
আবার সেই ক্ষণে স্বপ্নেরা উঁকি মারে,
উঁকি দেয়া স্বপ্নগুলো মন আকাশে উড়ে।
উড়ন্ত স্বপ্নেরা আবারও জাল বুনে,
নব জাল সৃষ্টি হয় কিছুটা গোপনে।
গোপন স্বপ্নেরা হতে চায় প্রকাশ,
ফিরে পায় মন স্বপ্ন দেখার প্রয়াস।

অবেলায়.......

ভালইতো ছিলাম, আমি একা
অবেলায় এসে তুমি, দিলে কেন দেখা ?

কত রাত একা বসে নির্ঘুম থেকেছি
আনমনে তোমারই মুখখানা এঁকেছি ।

বুঝিনি কখন হয়ে গেছ পর
ভেঙ্গে এই জীবনের ছোট খেলাঘর ।

ছিল কত আশা কত ভালবাসা
দিয়ে গেলে অবশেষ ভাবনার ভাষা ।

ভালইতো ছিলাম ভুলে গেছ বলে
আজ তবে অবেলায় এলে কোন্ ছলে ?

শনিবার, ২৩ এপ্রিল, ২০১১

শেষ বিকেলের আলোয়

তুমি আসবে বলে,রাত্রির আকাশে
অধীর আগ্রহে চেয়ে আছে তন্দ্রাহারা তারকারা;
তুমি আসবে বলে,ভোরের পাখিদের কলতানে
চারিদিক মুখরিত ।
বাতাসের গায়ে আগমনী বার্তার ঘ্রাণ ।

তুমি আসবে বলে,দিনের চিতা
জেগে ওঠেছে পৃথিবীর বুকে;
তুমি আসবে বলে,কাঠফাটা রোদে
অফুরন্ত প্রত্যাশায় করি প্রতীক্ষা ।

তুমি আসবে বলে,তানপুরার তারটাতে
আজ নতুন সুরের ঝংকার;
তুমি আসবে বলে,দুপুরের দাবদাহে
ঘুম নেমে আসে দুচোখের পাতায় ।

তুমি আসবে বলে,নিদ্রাপুরীতে স্বপ্নের
জাল বুনে চলি কোন অজানা পথে;
তুমি আসবে বলে,শত লাণ্চনা বণ্চনা
সয়ে ঠাঁয় দাড়িয়ে আছি---
শেষ বিকেলের আলোয় ।

মা

মা আমার প্রথম প্রেম,প্রথম ভালবাসা;
তাঁর মাঝে দেখি ভুবন শিখি মাতৃভাষা ।

মা যে আমার অতি আপন,অতি স্নেহশীলা;
মায়ের মুখের মায়ার বরণ যায় না কভু ভুলা ।

মা আমার পরম প্রিয়,পরম সুখের ঢালি;
তাঁর তরে নিজের জীবন দিতে পারি বলি ।

মা যে আমার অতি মহত,অতি উদার ভাই;
তাঁর পদতলে আমরা জান্নাতের সুখ পাই ।

মা আমার সুখের দিঠি,চোখের অশ্রুকণা;
মা যদি হয় সবুজ ঘাস আমরা শিশির কণা ।

মা যে আমার পূর্ণিমার চাঁদ,আমরা চাঁদের আলো;
অনন্তকাল মাকে আমরা বাসতে চাই যে ভালো ।

মা আমার অন্তরেতে করে বসবাস;
তাঁর মুখের হাসি যেন দু'ধার নদীর কাঁশ ।

মা-ই যে আমার শেষ প্রেম,শেষ ভালবাসা;
মাকে ঘিরেই দেখি আমরা সকল স্বপ্ন আশা ।

সবার কাছে এই আমার শেষ কামনা;
ভালবেসে মাকে কভু ভুলে যেওনা ।

প্রতীক্ষার প্রহর.....

আমার কবিতাখানি কেউ পড়বে না জানি
কোন আগ্রহে কিংবা কৌতুহলে;
কালের আবর্তন কেমন যেন উদ্ভট!

মানুষের সাথে প্রকৃতিটাও পাল্টে গেছে
বসন্ত আর ফুলে ফুলে সাজে না।
কোকিলটাও কেন জানি সারা বছরই ডাকে,
কি জানি!কোন আর্তনাদে!

কবিতার যাত্রাপথ বড় অচেনা লাগে
মনে হয় আজগুবি কিছু লিখছি,
যেন ছন্দহীন নিস্প্রাণ চিৎকার।

পৃথিবী বড় বেশী বদলে গেছে ,
যান্ত্রিকতার চার দেয়ালে বন্দী
মানবিক ইচ্ছার ফূলজুরি।

স্বপ্নগুলোকে আজ দুঃস্বপ্ন মনে হয়।

প্রতীক্ষার প্রহরগুলো দীর্ঘ মনে হয়।
যদি কোন ইশারায় সব আগের মত হত
নিরস প্রকৃতিটা মেতে ওঠতো উৎসবে!

সেইদিনের অপেক্ষায় নয়-
প্রতীক্ষায় আছি আমি।

ভালবাসা কি???

হঠাৎ করেই প্রশ্ন জাগে
আসলে ভালবাসা কি? কিভাবে এর সৃষ্টি ?
অনেকের মতে ভাললাগা থেকে
নাকি ভালবাসার সৃষ্টি!হয়ত তাই!
কেন জানি মনে হয় উত্তরটা ভুল;
বৃক্ষ মাটিকে রোদ-বৃষ্টি
থেকে রক্ষা করে এটাই হয়তো
মাটির প্রতি বৃক্ষের ভালবাসা ।
মাটি,
মাটিওতো বৃক্ষকে ছোট থেকে
বড় করে তুলে তা ভাবলে মনে হয়
এটা যেন ভালবাসা নয়,ঋণ পরিশোধ ।
আসলে কি তাই?
মাটিতো বৃক্ষকে আপনার করে
বিনিময়ে কিছু পায় । কিন্তু
সূর্য সারাজীবন চাঁদকে তার আলোয়
আলোকিত রাখছে । অথচ বিনিময়ে
কিছু চাচ্ছে না কিংবা পাচ্ছে না ।
শুনেছি চাওয়া পাওয়া নাকি
ভালবাসার বহিঃপ্রকাশ!তা না
হয় মানলাম । কিন্তু ভালবাসা কি?
ভালবাসা কেমন? চাঁদ সূর্য্যের মত?
নাকি বৃক্ষ-মৃত্তিকার মত !
মনকে বুঝাই ভালবাসা,ভালবাসাই;
এর কোন উপমা নেই ।
মন মানবে কেন ? মন যে সত্য
কথা জানতে চায় । কি সে
কথা যা আমি খুঁজে খুঁজে হয়রান ।
------------------
অবশেষে প্রশ্নটি থেকেই গেল ।
মনের অজান্তে চিৎকার করে ওঠি-
ভালবাসা কি??? প্রতিধ্বনি হয়ে
ফিরে আসে,উত্তর হয়ে নয় !

আবার দেখা হবে .....

কত দিন-কত রাত-কত কাল
চলে গেছে তোমার পথ চেয়ে থেকে ;
হিসেব নেই ।

কত প্রহর কেটে গেছে তোমায় ভেবে ভেবে
কত বসন্ত-কত শীত-কত গ্রীষ্ম-কত বর্ষা
কত ঋতু পার করেছি তোমার প্রতীক্ষায় ;
জানা নেই ।

কত সকাল-কত দুপুর-কত বিকেল-কত রাত
কত মুহুর্ত কাটিয়েছি তোমার ছবি এঁকে ।
মনে নেই ।

প্রকৃতির বুক চিড়ে ভেসে ওঠা
তোমার মায়াভরা চেহারা,
কাশফুলের মত শুভ্র হাসি
আজও আমি ভুলিনি !

জানিনা,
কত শতাব্দী-কত যুগ -কত বছর-কত মাস-
কত দিন -কত ঘন্টা-কত মিনিট-কত সেকেন্ড
পর তোমার দেখা পাব ?

শুধু জানি,
আবার দেখা হবে ।।

জীবন

        ১.
অষ্ট-প্রহর ব্যাস্ত শহর
দূর্বিসহ ভূবন;
কোথাও কোন স্তব্ধতা নাই
যান্ত্রিকতাই জীবন ।।

       ২.
মিষ্টি ভোরে সৃষ্টি সুরে
কাব্যিক লগন;
আষ্ঠে পৃষ্ঠে কষ্টে সৃষ্টে
বেঁচে থাকাই জীবন ।।

যন্ত্রের মত

ছুট্‌ছে মানুষ অবিরাম গতিতে
চার্‌দিকে শুধু বিদ্‌ঘুটে শব্দ
নেই কোন নীরবতা,যান্ত্রিকতা
শুধুই যান্ত্রিকতা।

কৃত্রিমতার আবরণে ঢাকা পড়েছে
আজ মৌলিকতার প্রাণ;
মনের মাধুরী মিশিয়ে আঁকা
শিল্পীর ছবিতেও কেমন
যান্ত্রিকতার ছাপ।

ফুট্‌পাত থেকে ভেসে আসে
দু:স্থ ভিখিরিদের আর্তচিতকার;
চল্‌তে ফির্‌তে চোখে পড়ে
অসহায় দরিদ্রের হাহাকার,
আর হতবাক চাহনি।

চোখে পড়ে ঠিক ওপাশে
উপরতলার মানবরূপী পশুদের;
কি আনন্দেই না কাটে
তাদের দিবা-রাত্রির প্রহর।

কেউ নিস্পেষিত,কেউ আনন্দে উদ্বেলিত
সব কেমন যন্ত্রের মত লাগে।
উহ্ কি অসহ্য!

হিসাব

দিনের পরে মাস আসে

মাসের পরে বছর আসে ;

বছর শেষে হিসেব কষে

পেলাম অবশেষে;

গত বছর একলা গেছে

কেউ ছিল না পাশে ।

বিদায় বেলায়.....

আজিকে বিদায় বেলায়-
আমার আরতি শুনবে কি তুমি?
তোমারে রাখিব ধরিয়া
বল কেমন করিয়া?

যা কিছু ছিল আমার
ভেঙ্গেচুড়ে সব হয়ে গেল চুড়মার ।
বাকী শুধু ক'ফোটা চোখের জল;
তাহাতে তোমায় সিক্ত করিয়া
পারিব কি আমি রাখিতে ধরিয়া।

গাইবে কি গান কখনো আর
শিয়রের পাশে বসিয়া;
এলো চুল মেলে বাতায়নে চেয়ে
অভাগার হাতটি ধরিয়া।

চলে যাবে যাও শুধু শুনে নাও
ভুলিবনা আমি আর কখনো তোমায়,
যে যেতে চায় তাকে ফেরানো কি যায়
বিদায় বেলায়;
নেই কিছু আর তোমাকে দেবার
নিয়তির নিষ্ঠুরতায়।

জানি,
শুনবে না মোর আরতি
তবু আজ বলি
বিদায়ের ক্ষণে
রেখো মোরে মনে
ভুলিও না একেবারে ।

ভুল করা ভুল নয়

ভুল করা ভুল নয়
ভুলে যদি শেখা হয় ।

ভুল থেকে যা হয় শেখা,
তাই হবে আলোর শিখা ।

আঁধার রাতে যেমন করে
জোনাক যায় দেখা ।

বছর দশেক আগে.......

কতদিন তার সাথে দেখা নাই-
বছর দশেক আগে দেখেছিলাম তাকে
দুয়ারে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে চেয়ে
কি যে মায়ায় বেঁধেছিল আমারে
ভুলিনি আমি।

এইতো সেদিনের কথা!
অথচ কত বছর কেটে গেল-
আজও আমি তাকে খুঁজে ফিরি
দাড়িয়া-বান্দা,বউচি খেলার মাঠে,
সাঁঝের বেলায় লালচে আলোর আভায়;
কোথায় সে হারিয়ে গেল?

এখনও আমি তার গায়ের
গন্ধ পাই সবুজ ঘাসে;
তার কথা ভেবে ঝরা পাতার মতন
দেহ থেকে কি যেন খসে পড়ে।
হক্‌চকিয়ে ওঠি বাতায়নে চেয়ে
উড়ে যাওয়া অচেনা পাখির ডাকে
খুঁজে ফিরি সেই চেনা ডাক!!!

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১১

ইচ্ছে বৃষ্টি

বহুদিন হল দৃষ্টি মেলে বৃষ্টি দেখা হয় না -
আজ খুব বৃষ্টি দেখতে ইচ্ছে কর্‌ছে
অথচ আমি বেমালুম ভুলে গেলাম
এখন চৈত্র মাস ।

চারিদিক্‌ রোদে পুড়ে খাঁ খাঁ কর্‌ছে
বৃষ্টির জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের !
আকাশে মেঘের ছিটে ফোটাও নাই ।
কি আশ্চর্য ! যেই তোমার কথা ভাবলাম
মনের উঠোনে গগনবিদারী আওয়াজ তুলে
শুরু হল ঝড়, বিজলীর চম্‌কানি ,
শুরু হল অবিরাম বৃষ্টি ।
দু'গাল বেয়ে টপ টপ করে পানি
এসে পড়ছে আমার বুকের ওপর ;
এ যেন অনাকাঙ্খিত বৃষ্টি !

কাঙ্খিত আর অনাকাঙ্খিত যাই হোক
আজ বৃষ্টি ঠিক-ই হল
চক্ষু প্লাবিত সে বৃষ্টি ,
তোমরা যাকে বল কান্না ।
আক্ষেপ এটুকুই -
আজও দৃষ্টি মেলে বৃষ্টি দেখা হল না ।

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১১

জীবনের টুকরো কথা

প্রতিদিন এই পথে চলি
আনমনে কত কথা বলি ।
কত স্মৃতি মনে ভাসে
কেউ কাঁদে কেউ হাসে
এ জীবন ভালবেসে,
আজ কেন একা বসে
আঁকি এই জীবনের বহুরূপী ছবিটা ।
তবে কি জেগে ওঠে ভেতরের কবিটা ?
আধমরা জগতের সব পথ বন্ধ
মিছেমিছি খুঁজে ফিরি জীবনের ছন্দ ।